
বাংলাদেশ ও ব্রুনাই দারুসসালামের মধ্যে জনশক্তি, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা এবং আকাশপথে যোগাযোগ সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান সৌজন্য সাক্ষাৎকালে উভয় পক্ষ এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রুনাইয়ে আরও বেশি সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদারে ব্যবসায়ী-থেকে-ব্যবসায়ী (B2B) যোগাযোগ বৃদ্ধি, নারী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ-ব্রুনাই চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।ব্রুনাইয়ের হাইকমিশনার এসব প্রস্তাবকে স্বাগত জানিয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণে ব্রুনাইয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।বৈঠকে বাংলাদেশের ওষুধ, পাটজাত পণ্য, কৃষিপণ্য এবং আমের জন্য ব্রুনাইয়ের বাজারে আরও বেশি প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।এছাড়া, দুই দেশের ব্যবসায়ী সংগঠন, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সমন্বয়ে একটি যৌথ ব্যবসায়িক গ্রুপ গঠনের বিষয়ে উভয় পক্ষ একমত হয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও ফলপ্রসূ করার আশা প্রকাশ করা হয়।বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ব্রুনাইয়ের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার প্রত্যয় ব্যক্ত করেন।



