
দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে মঙ্গলবার (২৮ জুলাই, ২০২৬) বাংলাদেশ সময় দুপুর ২টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। একই সঙ্গে চিঠির মাধ্যমেও বাংলাদেশের জরুরি প্রয়োজনের কথা জানানো হয়েছে।ফোনালাপে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বিদ্যমান গ্যাস সংকট তুলে ধরে মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান PETRONAS-এর মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এলএনজি সরবরাহ অত্যন্ত প্রয়োজন।জবাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রতি সহানুভূতি প্রকাশ করে সংকট মোকাবিলায় পাশে থাকার আশ্বাস দেন। তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে একটি সিদ্ধান্ত জানানো হবে।দুই প্রধানমন্ত্রীর আলোচনায় বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে তারা বিস্তারিত আলোচনা করেন।এ সময় উভয় নেতা অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন। আলোচনায় মালয়েশিয়ার টেলিযোগাযোগ প্রতিষ্ঠান Axiata-র চলমান বিনিয়োগের অগ্রগতি এবং বন্দর উন্নয়ন খাতে MMC Port-এর সঙ্গে সম্ভাব্য কৌশলগত সহযোগিতার বিষয়ও উঠে আসে। এসব উদ্যোগ বাংলাদেশ ও মালয়েশিয়ার অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং উভয় দেশের জন্য নতুন বিনিয়োগ ও বাণিজ্যিক সুযোগ সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


